ব্রিটিশ রাজপরিবারের সদস্য দ্য ডাচেস অব এডিনবরা (Her Royal Highness, The Duchess of Edinburgh) রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেছেন।
সোমবার (৯ নভেম্বর) পরিদর্শনকালে তাঁকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, সাফল্য ও আত্মত্যাগের বিষয়ে অবহিত করা হয়। এ সময় তিনি বিপসটের চলমান প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং নারী, শান্তি ও নিরাপত্তাবিষয়ক একটি সেশনে অংশ নেন।
এ ছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী এবং মিশনে মোতায়েনের জন্য প্রস্তুতি নেওয়া নারী ও পুরুষ শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন ডাচেস অব এডিনবরা।
পরিদর্শনকালে তিনি বিপসটের প্রশিক্ষণের উচ্চমান এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের শেষ পর্যায়ে বিপসট অফিসার্স মেস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় স্মারক উপহার বিনিময় এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ব্রিটিশ রাজপরিবারের এই সদস্য।