গাজী নজরুলের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার

গাজী নজরুলের বিষয়ে সংসদে যা জানালেন স্পিকার

নিজস্ব প্রতিবেদক : November 09, 2026

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত ও কারাবন্দি সংসদ সদস্য জি এম নজরুল ইসলামের বিষয়ে সংসদকে অবহিত করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

 

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী তিনি এ বিষয়ে সংসদ সদস্যদের অবহিত করেন।

 

এ সময় স্পিকার বলেন, জি এম নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪) গত ২০ সেপ্টেম্বর শেরেবাংলা নগর থানায় দায়ের করা ১৬৯৫ নম্বর জিডির পরিপ্রেক্ষিতে শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

পরবর্তী সময়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় বাংলাদেশ দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০৬ ধারায় দায়ের করা ১৬ নম্বর এজাহার এবং ১৯৭ নম্বর জিআর মামলার পরিপ্রেক্ষিতে শেরেবাংলা নগর থানা পুলিশ তাকে ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে গ্রেফতার করে। পরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে বন্দি রয়েছেন।

 

বিষয়টি কার্যপ্রণালি বিধির ১৭৬ বিধি অনুযায়ী সংসদ সদস্যদের অবহিত করা হলো বলে জানান স্পিকার।

গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে সংসদ ও নির্বাচন কমিশনেও চিঠি দেয় দলটি।

 

এরপর গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের বিপরীত পাশে ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে রাতে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।

ওই রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, মাকছুদা ইসলাম এবং নিহত মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

পরদিন শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জোহা সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গাজী নজরুল ইসলামের চার দিন এবং মাকছুদা বেগমের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন রাতেই মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Share This