বিমান বাহিনীর ৩৯ বৈমানিকের বেসিক জেট ও হেলিকপ্টার কোর্স সম্পন্ন

বিমান বাহিনীর ৩৯ বৈমানিকের বেসিক জেট ও হেলিকপ্টার কোর্স সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : November 12, 2026

বাংলাদেশ বিমান বাহিনীর ১০ম বেসিক জেট ও ফাইটার এবং বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) যশোরে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান প্রশিক্ষণ সম্পন্নকারী কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, বেসিক কোর্সে অর্জিত জ্ঞান কর্মকর্তাদের ভবিষ্যৎ উড্ডয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে। একই সঙ্গে সব পরিস্থিতিতে উড্ডয়ন নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এবারের দুটি কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর মোট ৩৯ জন কর্মকর্তা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন। তাঁদের মধ্যে ১৫ নম্বর স্কোয়াড্রনের ১৪ জন এবং ১৮ নম্বর স্কোয়াড্রনের ২৫ জন বৈমানিক রয়েছেন।

কে-৮ডব্লিউ যুদ্ধবিমানে পরিচালিত বেসিক জেট ও ফাইটার কনভার্সন কোর্সে বৈমানিকদের গ্রাউন্ড কন্ট্রোল ইন্টারসেপশন, এয়ার টু গ্রাউন্ড ফায়ারিং, এয়ার টু এয়ার ফায়ারিং, ফাইটার গ্রাউন্ড অ্যাটাক, বেসিক ফাইটার ম্যানুভার ও এয়ার কমব্যাট ম্যানুভারের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

অন্যদিকে, বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্সে বেল-২০৬ ও এডব্লিউ-১১৯ হেলিকপ্টারের মাধ্যমে বিভিন্ন উড্ডয়ন কৌশল ও পরিচালনাসংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা), সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ), বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক, বিমান সদরের সংশ্লিষ্ট পরিচালক, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্টসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, সফরকালে বিমান বাহিনী প্রধান ঘাঁটিতে একটি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন। পরে বিমান বাহিনীতে ব্যবহৃত বিভিন্ন ধরনের আধুনিক ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র পরিদর্শন এবং ফায়ারিং অনুশীলনে অংশ নিয়ে সেগুলোর কার্যকারিতা যাচাই করেন। এ ছাড়া ঘাঁটির অপারেশনাল কার্যক্রমের আওতায় নির্মাণাধীন বিভিন্ন স্থাপনাও পরিদর্শন করেন তিনি।

Share This