ইঞ্জিনিয়ার্স কোরের সম্মেলন ও পুনর্মিলনীতে সেনাপ্রধান

ইঞ্জিনিয়ার্স কোরের সম্মেলন ও পুনর্মিলনীতে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক : November 12, 2026

বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার্স কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজন নাটোরের কাদিরাবাদে অবস্থিত ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে (ইসিএসএমই) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ও ইঞ্জিনিয়ার্স কোরের কর্নেল কমান্ড্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান ইঞ্জিনিয়ার্স কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ইঞ্জিনিয়ার্স কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি ইঞ্জিনিয়ার্স কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ ও জাতির কল্যাণে যুদ্ধকালীন ও শান্তিকালীন অবদানের প্রশংসা করেন। পাশাপাশি কোরের কার্যক্রম, উন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কোরের সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনাও দেন তিনি।

অন্যদিকে, ৭ম কোর পুনর্মিলনী উপলক্ষে ইসিএসএমই প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোমুগ্ধকর কোর পুনর্মিলনী কুচকাওয়াজ উপভোগ করেন সেনাবাহিনী প্রধান।

এ সময় তিনি ইঞ্জিনিয়ার্স কোরের সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যকার ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধের গুরুত্ব তুলে ধরেন। কোরের গৌরবময় ঐতিহ্য অক্ষুণ্ন রেখে ভবিষ্যতেও দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, অ্যাডজুট্যান্ট জেনারেল, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমান্ড্যান্ট, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইঞ্জিনিয়ার্স কোরের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

Share This