রাজধানীতে পুলিশ কনস্টেবলের ফাঁস দিয়ে আত্মহত্যা

রাজধানীতে পুলিশ কনস্টেবলের ফাঁস দিয়ে আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : July 17, 2026

রাজধানীর ডেমরা পুলিশ লাইনে একটি বহুতল ভবনে সাইদুল ইসলাম (২১) নামে এক পুলিশ কনস্টেবল ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

 

শুক্রবার (১৭ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সাইদুলের চাচা মোহাম্মদ সোহাগ গণমাধ্যমকে জানান, সাইদুল পারিবারিক কলহের জেরে ডিপ্রেশনে ছিল। রাত সাড়ে এগারোটার দিকে ডেমরা পুলিশ লাইনের ২০ তলা ভবনের ৭তলায় নিজ রুমে সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও জানান, সাইদুল পুলিশ কনস্টেবল পদে নয় মাস ধরে কর্মরত ছিলেন। তার বিপি নম্বর ০৭২৬২৬৬৪৬৫। ফেনী সদর উপজেলায় তার বাড়ি হলেও তিনি ডেমরা পুলিশ লাইনের ২০ তলা ভবনের ৭ তলায় থাকতো।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

Share This