ফেনীতে তিনদিনব্যাপী ফল মেলা শুরু

ফেনীতে তিনদিনব্যাপী ফল মেলা শুরু

ফেনী প্রতিনিধি : June 18, 2026

করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ফল মেলা। 

বৃহস্পতিবার (১৮ জুন) ফেনী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার উদ্বোধন করা হয়।

ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মনিরা হক।

ফেনী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আতিক উল্যাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্জুন কুমার রায়।

মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলের সমারোহ দেখা যায়। স্টলগুলোতে আম, লিচু, ড্রাগন ফল, কাঁঠাল, কলা, জামসহ নানা ধরনের মৌসুমি ও দুর্লভ দেশীয় ফল প্রদর্শন করা হয়েছে। এসব ফলের মাধ্যমে পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ফল চাষে কৃষকদের উৎসাহিত করাই মেলার অন্যতম লক্ষ্য বলে আয়োজকরা জানান।

তিনদিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন এলাকার ফলচাষি, কৃষি উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। আয়োজকদের আশা, এ আয়োজন ফল উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের আরও উদ্বুদ্ধ করবে এবং নিরাপদ ও পুষ্টিকর ফল ভোগে জনগণকে সচেতন করবে।

Share This