পদ্মা সেতুর পিলার ঘিরে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলেন সড়কমন্ত্রী

পদ্মা সেতুর পিলার ঘিরে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলেন সড়কমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : June 18, 2026

পদ্মা সেতুর পিলারের নিচে মাটি নয়, সাময়িক রাস্তা অপসারণ হয়েছে— বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহণ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। এ সময় তিনি বলেন, পদ্মা সেতুর পিলারের নিচে মাটি কাটার বিষয়ে যা ছড়িয়েছে সে বিষয়টি ভুল। 

 

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বিএসআরএফ সংলাপ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

 

তিনি বলেন, মাটি অপসারণে সেতুর ক্ষতি তো হবেই না বরং নাব্যতা ও স্বাভাবিক প্রবাহ ঠিক হবে। পদ্মা সেতুর পিলার করতে গিয়ে যে সাময়িক রাস্তা ছিল সেটা অপসারণ হয়েছে যা আগের সরকারের সময়েই করা উচিত ছিল। 

 

তিনি আরও বলেন, রাজধানী থেকে বাস টার্মিনাল ও ঢাকার আশেপাশের এলাকাগুলোর সাথে কমিউটার ট্রেন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাস, মেট্রো ও মনোরেলের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে রেলের জন্য ১৫০ বগি কেনা হবে। এসব বাস্তবায়ন করা গেলে রাজধানীর যানজট অনেকটাই কমে যাবে। 

 

এ সময় মেট্রো স্টেশনে ও পিলারে পোস্টার লাগানো রোধে সিটি করপোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার আহ্বানও জানান সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

Share This