মধ্যরাতে ফেসবুক লাইভে এসে গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠান শেষে এ অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়েছেন বলে দাবি করেন তিনি।
ঘটনাটিকে পরিকল্পিত বলেও মনে করছেন এই অভিনেত্রী।
গতকাল রবিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত জানান পরীমনি। তার অভিযোগ, গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠান শেষে হঠাৎ এক ব্যক্তি আক্রমণাত্মক আচরণ শুরু করেন। এক পর্যায়ে তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।
পরিস্থিতির কারণে গাড়িতে উঠতে না পেরে অনুষ্ঠানস্থলের পেছনের অংশে বসে থাকতে হচ্ছে বলেও জানান তিনি।
পরীমনি বলেন, বাধ্য হয়ে গুলশান থানায় ফোন করেছেন তিনি। ঘটনাস্থলে পুলিশ সদস্যরাও উপস্থিত রয়েছেন। লাইভে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি অনুষ্ঠানের স্টল ভাঙচুর এবং অন্য শিল্পীদের হেনস্তার অভিযোগও করেন এই অভিনেত্রী।
ঘটনার জন্য ‘ইয়োলো জার্নালিজম’ চর্চাকারীদের দায়ী করেন পরীমনি। তার ভাষায়, যারা সাংবাদিকতার নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তারাই এমন পরিস্থিতি তৈরি করেছেন। কারো সঙ্গে কোনো বিরোধ থাকলে সরাসরি বসে আলোচনার মাধ্যমে তা মিটিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি।
এরপর আরো কয়েকটি ফেসবুক লাইভ করেন পরীমনি। এর একটিতে তাকে সাদা রঙের একটি গাড়িতে উঠতে দেখা যায়।
এ সময় সন্তানকে দ্রুত গাড়িতে নিয়ে আসার জন্য বলেন তিনি। পরে গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে। লাইভের ভিডিওতে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের উপস্থিতিও দেখা যায়।
এদিকে কয়েক দিন আগে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে পরীমনির নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কির ঘটনা নিয়েও আলোচনা চলছে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় গত বৃহস্পতিবার ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। সেদিন গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় তার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়।
ওই ঘটনায় সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধে। পরে অভিনেত্রী অভিযোগ করেন, ওই সাংবাদিক তাকে স্পর্শ করেছেন। তবে পরীমনির অভিযোগ অস্বীকার করে রবিউল দাবি করেন, অভিনেত্রী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন। তার ভাষ্য, পুরো ঘটনাটিই ভিডিওতে ধারণ করা হয়েছে।
গত ৫ নভেম্বরের ওই ঘটনার জেরে পরীমনিকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। নোটিশে সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে। পরীমনির পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও নোটিশ পাঠানো হয়েছে।