বেইজিংয়ে ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা দিলো চীন

বেইজিংয়ে ট্রাম্পকে রাজকীয় অভ্যর্থনা দিলো চীন

আন্তজার্তিক ডেস্ক : May 13, 2026

চীন সফরের শুরুতে বেইজিংয়ে অবতরণের পর উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর বর্ণিল আয়োজনে তাকে স্বাগত জানায় চীন। এ সময় ট্রাম্পের সঙ্গে তার ছেলে এরিক ট্রাম্প, পুত্রবধূ লারা ট্রাম্প এবং সফরসঙ্গী হিসেবে স্পেস এক্স-এর প্রধান ইলন মাস্ককেও দেখা গেছে।

 

প্রেসিডেন্ট ট্রাম্প যখন বিমান থেকে নামেন, তখন ৩০০ শিশু দুই দেশের খুদে পতাকা নাড়িয়ে তাকে অভিবাদন জানায়। সমস্বরে তারা চীনা ভাষায় বলতে থাকে, ‘স্বাগতম, স্বাগতম! উষ্ণ অভ্যর্থনা!’ শিশুদের এই সুশৃঙ্খল আয়োজন দেখে ট্রাম্প বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে হাসিমুখে দৃশ্যটি উপভোগ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সাংবাদিকেরা তাকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি কোনও উত্তর না দিয়ে সরাসরি লিমুজিনে চড়ে হোটেলের উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবারের আগে তার জনসমক্ষে আর কোনও কর্মসূচি নেই।

 

ট্রাম্পের বেইজিং পৌঁছানোর খবরটি চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এখন ট্রেন্ডিংয়ে রয়েছে। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির পোস্ট করা ট্রাম্পের বিমান থেকে নামার একটি ভিডিও মাত্র ৩০ মিনিটের কম সময়ে ১৮ হাজারের বেশি লাইক পেয়েছে।

 

ভিডিওটির নিচে ১ হাজার ৩০০-এর বেশি মন্তব্য জমা পড়েছে। অনেকে ট্রাম্পকে চীনে স্বাগত জানিয়েছেন। কেউ কেউ লিখেছেন, ‘শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই জয় সম্ভব।’

Share This