রাজধানীর মিরপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড কার্তুজ এবং দেড় লাখ টাকা দামের ২৫ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৬ মে) দিবাগত রাতে মিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হলো- মো. সাইফুল ইসলাম।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আমার নেতৃত্বে (থানার ওসি) এসআই সামছুদ্দোহা, এসআই মামুন মিয়া ও এএসআই জান্নাতুল বাকীসহ পুলিশের একটি দল মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সাইফুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং তার সঙ্গে অন্য কোনো অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।