শ্যামনগর থানার সামনে জেলা পরিষদের দখল হওয়া জমি উদ্ধার

শ্যামনগর থানার সামনে জেলা পরিষদের দখল হওয়া জমি উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি : September 03, 2026

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরে শ্যামনগর থানার সামনে জেলা পরিষদের অবৈধভাবে দখল করা জমি উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিন পরিদর্শনে গিয়ে নির্মাণাধীন অবৈধ স্থাপনার কাজ বন্ধ করে জমিটি দখলমুক্ত করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। বেলা ২টার দিকে শ্যামনগর থানা গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

অভিযানকালে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন স্থাপনা ও সম্পত্তির বর্তমান অবস্থা পরিদর্শন করেন। পরে তিনি শ্যামনগরের নীলডুমুর ডাকবাংলো, চণ্ডীপুরের ২২ বিঘা পুকুর, আকাশনীলা ইকোপার্কসহ উপজেলার বিভিন্ন এলাকায় জেলা পরিষদের সম্পত্তি সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে জেলা পরিষদের এসব সম্পত্তি কীভাবে অবৈধ দখলমুক্ত করে যথাযথভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, “শ্যামনগর উপজেলায় জেলা পরিষদের যেসব সম্পত্তি বিভিন্ন সময়ে দখল হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে উদ্ধার করে সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হবে। এসব সম্পত্তি আইন অনুযায়ী সঠিকভাবে ব্যবহার করা গেলে সরকারের রাজস্ব বৃদ্ধি এবং উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্ধার অভিযান ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশেক এলাহী মুন্না, জেলা পরিষদের সার্ভেয়ার আল-আমিন, শ্যামনগর থানার ওসি, দৈনিক হৃদয় বার্তার নিজস্ব প্রতিনিধি সাংবাদিক মারুফ হুসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Share This