জর্জিয়ার সংসদের চলতি অধিবেশনের শেষ পূর্ণাঙ্গ বৈঠকে ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজের উপস্থিতিতেই পার্লামেন্ট কক্ষে সংঘর্ষে জড়ান তারা।
জর্জিয়ার সংবাদমাধ্যম সিভিল জর্জিয়ার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৬ জুন) প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের পর প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, বিরোধী দলের সংসদ সদস্য জর্জি শারাশিদজে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক জর্জিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
তিনি দাবি করেন, ওই সফরের সময় প্রধানমন্ত্রীর অবস্থান তার প্রকৃত রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করেছে। এ বক্তব্যের পর ক্ষমতাসীন দলের সদস্যদের সঙ্গে তার তর্ক-বিতর্ক শুরু হয়।
একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষমতাসীন ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। কয়েক মিনিট ধরে সংসদ কক্ষে মারামারি ও বাকবিতণ্ডা চলতে থাকে।
পরে সংসদের নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিরোধী দলের কয়েকজন সদস্যকে কক্ষ থেকে বের করে দেন। এ সময় পার্লামেন্টের কার্যক্রমের সরাসরি সম্প্রচারও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রথমে ক্ষমতাসীন দলের সদস্য ইরাকলি খেলাদজে ও বিরোধী সদস্য গিগা পারুলাভার মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে আরও কয়েকজন সংসদ সদস্য এতে জড়িয়ে পড়েন।
পুরো ঘটনার সময় প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে ও তার মন্ত্রিসভার সদস্যরা নিজ নিজ আসনে অবস্থান করেন।
ঘটনার পর সংসদ ভবনে জরুরি চিকিৎসাসেবা ডাকা হয়। আহতদের চিকিৎসার জন্য চিকিৎসাকর্মীদের ঘটনাস্থলে দেখা যায়।