দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্বের আহ্বান ফায়ার মহাপরিচালকের

দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্বের আহ্বান ফায়ার মহাপরিচালকের

নিজস্ব প্রতিবেদক : July 19, 2026

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় দায়িত্বশীলতা, আন্তরিকতা এবং পেশাদারিত্বের কোনো বিকল্প নেই।

রবিবার (১৯ জুলাই) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সারা দেশে প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমে বিশেষ অবদান রাখা বাছাইকৃত ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীর হাতে মহাপরিচালকের প্রশংসা ইনসিগনিয়া, সনদপত্র এবং অর্থ সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত ডুবুরি সাদিকের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি।

সম্মাননা পাওয়া কর্মকর্তাদের পক্ষ থেকে নেত্রকোনা জেলার উপসহকারী পরিচালক জাকির হোসেন প্রতিক্রিয়া ব্যক্ত করে ‘মহাপরিচালকের প্রশংসা’ পুরস্কার চালুর জন্য কৃতজ্ঞতা জানান। তিনি প্রশাসনিক ও অপারেশনাল কার্যক্রমে মহাপরিচালকের নিবিড় তদারকির প্রশংসা করেন। পরে বক্তব্য দেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. শহীদ আতাহার হোসেন।

 প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক দেশের বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া প্রদান এবং অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও ভূমিধসে ফায়ার সার্ভিসের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। মানুষের জীবন ও সম্পদ রক্ষাই আমাদের প্রধান অগ্রাধিকার।”

এ সময় পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে অধিদপ্তরের প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের সব বিভাগের বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

Share This