মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
সোমবার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্যসহ মোট ৩৬ জনকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য এবং তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তাঁদের হাতে উপহারসামগ্রী তুলে দেন এবং স্বাগত বক্তব্য দেন তিনি।
বক্তব্যে বিমান বাহিনী প্রধান মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র তিনটি বিমান নিয়ে যাত্রা শুরু করা বাংলাদেশ বিমান বাহিনী আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র ও ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, বিমান বাহিনীর অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে বেশ কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
বিমান বাহিনী প্রধান বলেন, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সাহসিকতা, দেশপ্রেম এবং আত্মত্যাগ বিমান বাহিনীর বর্তমান সদস্যদের দেশসেবায় অনুপ্রাণিত করে।
অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।