পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ গেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে রওনা দেন তিনি।
স্পিকারের সফরসঙ্গী হিসেবে প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।
বিমানবন্দরে স্পিকারকে বিদায় জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সফরে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের সঙ্গে বৈঠকসহ দুই দেশের সংসদীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা ও সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়ের বিষয়ে আলোচনার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। সফর শেষে আগামী ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের দেশে ফেরার কথা রয়েছে।