৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

৫ দিনের রিমান্ডে সুইডেন আসলাম

নিজস্ব প্রতিবেদক : November 23, 2026

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাঈল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

ঢাকা মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, এ মামলায় সুইডেন আসলামের ৭ দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান।

হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও অন্য জড়িতদের শনাক্ত এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

পুলিশের আবেদনে বলা হয়, ৬৪ বছর বয়সী সুইডেন আসলাম এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। হত্যার মূল পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের শনাক্ত করার পাশাপাশি পলাতক আসামিদের অবস্থান জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটের দিকে নিউমার্কেট থানার শাহনেওয়াজ হলের সামনে বটতলা এলাকায় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী টিটনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টা ২৭ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও বলা হয়, বসিলা গরুর হাটের ইজারার দরপত্রের শিডিউল নিয়ে টিটনের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। ওই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ করেন বাদী।

এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্তে সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়।

Share This