টানা সপ্তমবারের মতো ইরানের পার্লামেন্টের (মজলিস) স্পিকার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বাঘের গালিবাফ। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংবেদনশীল কূটনৈতিক আলোচনায় প্রধান আলোচক হিসেবে ভূমিকা পালন করছেন তিনি।
সোমবার (২৫ মে) পার্লামেন্ট অধিবেশনে উপস্থিত অধিকাংশ আইনপ্রণেতা তেহরান, রে, শেমিরানাত, ইসলামশাহর ও পারদিসের এমপি গালিবাফকে স্পিকারের পদে বহাল রাখার পক্ষে ভোট দিয়েছেন।
এবার ওসমান সালারি এবং মোহাম্মদ তাঘি নাগদালিকে এই পদের জন্য মনোনীত করা হয়েছিল কিন্তু তারা পর্যাপ্ত ভোট পেতে ব্যর্থ হন।
ইরনা আরও জানায়, এদিন ডেপুটি স্পিকার পদের জন্যও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে আরদাবিলের এমপি আলী নিকজাদ এবং হামেদানের এমপি হামিদরেজা হাজিবাবাই যথাক্রমে ১৪৩ ও ১০০ ভোট পেয়ে প্রথম ও দ্বিতীয় ডেপুটি স্পিকার হিসেবে পুননির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পস (আইআরজিসি)-এর সাবেক কমান্ডার গালিবাফ ২০২০ সাল থেকে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। এরআগে দেশটির জাতীয় পুলিশের প্রধান ছিলেন এবং ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি তেহরানের মেয়র হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন।
বিশ্লেষকরা বলছেন, এই পুনর্নির্বাচনের মাধ্যমে দেশটির রাজনীতিতে গালিবাফের অবস্থান আরও সুসংহত হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সাথে কূটনৈতিক আলোচনা এবং মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিনি।