হাসিনা–কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ

হাসিনা–কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক : February 24, 2026

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দণ্ডিত ক্ষমাতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ সুপ্রিম কোর্ট–এর আপিল বিভাগের নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এর আগে ১ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত শুনানির এ দিন নির্ধারণ করেন। সে সময় রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন তৎকালীন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। পরে মামলাটি নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।

 

গত ১৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন দাখিল করে। একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলেও, সেই অভিযোগেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সাজা বাড়ানোর আবেদন জানানো হয়েছে। আপিলে দণ্ড বৃদ্ধি চেয়ে আটটি যুক্তি উপস্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এক অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল–কে মৃত্যুদণ্ড দেন এবং অন্য অভিযোগে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেন। একই মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে সহযোগিতা করায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

 

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে হাসিনা ও কামাল পলাতক রয়েছেন। তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম সম্পন্ন হয়।

Share This