বাণিজ্য, প্রতিরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করতে সম্মত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট দে ওয়েভার।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়।রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি জানান, দুই দেশ বাণিজ্য, প্রতিরক্ষা, পরিচ্ছন্ন জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, সেমিকন্ডাক্টর, গবেষণা এবং দক্ষ জনশক্তির চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করার বিষয়ে একমত হয়েছে।
মোদি বলেন, বেলজিয়ামের কম্পানিগুলোর জন্য একটি ‘ইনভেস্টমেন্ট ফাস্ট-ট্র্যাক মেকানিজম’ চালু করা হয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে ভারত ও বেলজিয়ামের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করবে দুই দেশ।ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন গত জুনে জানিয়েছিলেন, ভারত-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাণিজ্য চুক্তিটি ২০২৬ সালের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে পারে। ওই চুক্তির আওতায় অধিকাংশ পণ্যের ওপর শুল্ক কমানোর পরিকল্পনা রয়েছে। এর ফলে বাণিজ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতেও ভূমিকা রাখতে পারে।
এদিকে, গত ৩১ আগস্ট প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের অর্থনীতি গত বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৮ শতাংশ সম্প্রসারিত হয়েছে।
এ প্রবৃদ্ধি বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও বেশি।
ভারত বর্তমানে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি। দেশটির সঙ্গে ইউরোপের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদারে সাম্প্রতিক সময়ে বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।