জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্ৎস বলেছেন, ‘ইরানকে অবশ্যই আলোচনার টেবিলে আসতে হবে। তাদের সময়ক্ষেপণ বন্ধ করতে হবে।’
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মুনস্টারের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটি পরিদর্শনের সময় এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
চ্যান্সেলর বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ইরানের বাধা ব্যাপক অর্থনৈতিক ক্ষতি করছে এবং এই অবরোধ শেষ করতে তেহরানের ওপর নিষেধাজ্ঞার চাপ বাড়ানোর জন্য তিনি ইউরোপীয় অংশীদারদের প্রতি নতুন করে আহ্বান জানান।
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের প্রতি ম্যার্ৎস তার আগের সমালোচনার পুনরাবৃত্তি করেননি। তবে তিনি বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সঙ্ঘাতের অবসান ঘটাতে বার্লিন ও ওয়াশিংটনসহ অংশীদারদের সাথে নিবিড় সংলাপে রয়েছে জার্মান।
ম্যার্ৎস বলেন, ‘আমরা সম্মিলিত ট্রান্সআটলান্টিক স্বার্থে কাজ করছি এবং পারস্পরিক শ্রদ্ধার সাথেই তা করছি।’
এর আগে, পাকিস্তানে শান্তি আলোচনা নিয়ে টানাপোড়েনের কারণে যুক্তরাষ্ট্র ইরানের কাছে ‘অপমানিত’ হয়েছে বলে মন্তব্য করেছিলেন ম্যার্ৎস।