সিরিয়া-লেবানন সীমান্তের চার ক্রসিংয়ে ইসরায়েলি হামলা, নিহত ২

সিরিয়া-লেবানন সীমান্তের চার ক্রসিংয়ে ইসরায়েলি হামলা, নিহত ২

আন্তজার্তিক ডেস্ক : January 22, 2026

সিরিয়া-লেবানন সীমান্তের চারটি ক্রসিং পয়েন্টে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া দক্ষিণ লেবাননে চালানো পৃথক হামলায় অন্তত দুজন নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন। এসব পথ ব্যবহার করে হিজবুল্লাহ অস্ত্র পাচার করছিল বলে দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও বুধবার এসব হামলা চালানো হয়।

২০২৪ সালে এই যুদ্ধবিরতির মাধ্যমে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক বছরের বেশি সময় ধরে চলা সংঘর্ষের অবসান ঘটে। কিন্তু এরপরও ইসরায়েলের পক্ষ থেকে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বুধবার রাতে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আবারো ইসরায়েল বসতিপূর্ণ লেবানিজ গ্রামে বিমান হামলা চালিয়ে পরিকল্পিত আগ্রাসনের নীতি অনুসরণ করছে। এটি একটি বিপজ্জনক উত্তেজনা, যা সরাসরি বেসামরিক মানুষকে লক্ষ্য করছে।’

তিনি আরো বলেন, ‘এই ধারাবাহিক আগ্রাসী আচরণ যুদ্ধবিরতি চুক্তি থেকে উদ্ভূত দায়বদ্ধতা মানতে ইসরায়েলের অস্বীকৃতিকে স্পষ্ট করে তোলে।’

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ লেবাননের কানারিত শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৯ জন আহত হয়েছেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) খবরে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের একাধিক গ্রাম ও শহরে ভবনে হামলা চালিয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে আল-খারাইয়েব, আল-আনসার, কানারিত, কফুর ও জারজুহ। হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল।

এর আগে দিনের বেলায় সাইদা জেলার জাহরানি শহরে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় একজন নিহত হন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। একই দিনে টাইর জেলার বাজুরিয়েহ শহরে আরেকটি গাড়িতে চালানো হামলায় আরো একজন নিহত হন।

বার্তা সংস্থা এএফপি জানায়, সাইদার একটি প্রধান সড়কে একটি পুড়ে যাওয়া গাড়ি ও চারপাশে ছড়িয়ে থাকা ধ্বংসাবশেষ দেখতে পান তাদের এক প্রতিবেদক। সেখানে জরুরি সেবাকর্মীরা কাজ করছিলেন। কানারিতে চালানো একটি ভারী হামলার সময় ঘটনাস্থলের কাছে কাজ করা এএফপির এক আলোকচিত্রীসহ আরো দুই সাংবাদিক সামান্য আহত হন। ওই হামলায় মোট ১৯ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, তারা সিরিয়া-লেবানন সীমান্তের চারটি ক্রসিংয়ে হামলা চালিয়েছে, যেগুলো ‘অস্ত্র পরিবহনে’ ব্যবহৃত হচ্ছিল। একই সঙ্গে দক্ষিণ লেবাননের সাইদা এলাকায় ‘হিজবুল্লাহর একজন গুরুত্বপূর্ণ অস্ত্র পাচারকারীকে’ হত্যার দাবি করেছে তারা।

এদিকে লেবাননের সেনাবাহিনী এসব হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছে, বেসামরিক ভবন ও বাড়িঘর লক্ষ্য করে চালানো এই হামলা লেবাননের সার্বভৌমত্ব এবং যুদ্ধবিরতি চুক্তির ‘স্পষ্ট লঙ্ঘন’।
সেনাবাহিনী আরো জানায়, এ ধরনের হামলা যুদ্ধবিরতির অংশ হিসেবে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের পরিকল্পনা বাস্তবায়নে তাদের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

চলমান ইসরায়েলি হামলার মধ্যেও হিজবুল্লাহ অস্ত্র সমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে। বার্তা সংস্থা এএফপির হিসাবে, ২০২৪ সালের নভেম্বর মাসে যুদ্ধবিরতি সই হওয়ার পর থেকে এসব হামলায় লেবাননে ৩৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

Share This