ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আচমকাই কলকাতা হাইকোর্টে হাজির হলেন আইনজীবীর পোশাকে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার কিছু পর তিনি আদালতে পৌঁছান।
আদালত চত্বরে তার এই উপস্থিতি ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভোট-পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হয়েছে। অভিযোগ, নির্বাচনের পর বহু তৃণমূলকর্মী ঘরছাড়া হয়েছেন, একের পর এক পার্টি অফিসে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে, পাশাপাশি কর্মী-সমর্থকদের ওপর হামলা ও মারধরের ঘটনাও ঘটেছে।
এই ঘটনার প্রতিবাদেই তৃণমূলের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।
সূত্রের খবর, সেই মামলার শুনানি করতে আদালতে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচনে পরাজয়ের পরও তিনি যে রাজনীতির ময়দান ছাড়ছেন না, বরং আন্দোলন ও আইনি লড়াই- দুই পথেই সক্রিয় থাকবেন, তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন। বৃহস্পতিবারের উপস্থিতি যেন সেই বার্তাকেই আরও স্পষ্ট করে দিল।
এদিন মমতার পরনে ছিল আইনজীবীদের পরিচিত পোশাক। সাদা ফুলহাতা শার্টের ওপর কালো ওয়েস্টকোট এবং হাতে ছিল অ্যাডভোকেট গাউন।
এর আগেও দিল্লিতে আদালত চত্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নজর কেড়েছিল। তবে সেবার তিনি আইনজীবীর পোশাকে ছিলেন না এবং আইনজীবীর ভূমিকাতেও হাজির হননি। এবার প্রথমবারের মতো তাকে আদালতে আইনজীবীর রূপে দেখা গেল।