পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আন্তজার্তিক ডেস্ক : April 25, 2026

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ ও উত্তেজনা নিরসনে নতুন দফার আলোচনার লক্ষ্যে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 

শনিবার (২৫ এপ্রিল) সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের সঙ্গে তিনি এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎ করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে। 

ইরানি দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও ছিলেন।

বৈঠক শেষে আরাগচি টেলিগ্রামে জানান, পাকিস্তানের সেনাপ্রধানের কাছে তিনি ইসলামিক রিপাবলিক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ অবসানের বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরেছেন। পাকিস্তানের মধ্যস্থতায় শুরু হওয়া এই শান্তি প্রচেষ্টায় তেহরান শেষ পর্যন্ত যুক্ত থাকবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

Share This