অবশেষে মণিপুর যাচ্ছেন মোদী, এলাকা শান্ত রাখার নির্দেশ এমএলএদের

অবশেষে মণিপুর যাচ্ছেন মোদী, এলাকা শান্ত রাখার নির্দেশ এমএলএদের

নিজস্ব প্রতিবেদক : September 08, 2025

মণিপুরে ২০২৩ সালের মে মাসে জাতিগত সংঘাত শুরুর পর প্রথমবারের মতো রাজ্যটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তার এই সফরের আগে রাজ্যের শাসকজোটের এমএলএদের নিজ নিজ এলাকায় শান্ত পরিবেশ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গত রোববার (৭ সেপ্টেম্বর) রাজভবনে রাজ্যপাল অজয় ভল্লার ডাকা বৈঠকে ২০ জনের বেশি বিধায়ক উপস্থিত ছিলেন। বৈঠকে সাবেক মুখ্যমন্ত্রী এন বিরেন সিং, স্পিকার সত‍্যব্রত সিং এবং বিজেপির রাজ্য সভাপতি এ শারদা দেবীও অংশ নেন।

বৈঠকে জানানো হয়, ভারতীয় প্রধানমন্ত্রী মিজোরাম সফর শেষে আগামী ১৩ মে প্রথমে কুকি-জো অধ্যুষিত চুরাচাঁদপুরে যাবেন। সেখানে ‘পিস গ্রাউন্ড’-এ একটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।

এরপর দুপুর ২টার দিকে হেলিকপ্টারে ইমফলের কাঙলা দুর্গে পৌঁছে ভাষণ দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল ৩টা ৩০ মিনিটে ইমফল বিমানবন্দর থেকে আসামের উদ্দেশে রওয়ানা হবেন তিনি।

সফরকালে নরেন্দ্র মোদী সংঘাতপীড়িত বাস্তুচ্যুতদের সঙ্গে দেখা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এমএলএদের জানানো হয়েছে, তারা সবাই ভিআইপি দর্শকসারিতে বসবেন, তবে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে থাকতে পারবেন না।

এছাড়া সফরের সময় কোনো ধরনের অশান্তি এড়াতে নিজ নিজ এলাকায় শান্তি বজায় রাখার জন্য এমএলএদের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

Share This