স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মোদি

স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মোদি

আন্তজার্তিক ডেস্ক : June 16, 2026

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্লোভাকিয়ার সর্বোচ্চ জাতীয় সম্মান ‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)-এ ভূষিত হয়েছেন।

সোমবার (১৫ জুন) রাজধানী ব্রাতিস্লাভায় তাকে এই সম্মাননা প্রদান করেছেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি।

এটি প্রধানমন্ত্রী মোদির পাওয়া ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা। 

পুরস্কার গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মোদি লেখেন, ‘আজ সন্ধ্যায় ব্রাতিস্লাভায় ‘অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ গ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এই সম্মানের জন্য স্লোভাকিয়ার জনগণ ও সরকারের প্রতি আমি কৃতজ্ঞ। এই স্বীকৃতি ভারতের ১৪০ কোটি মানুষের। আমি এটি ভারত ও স্লোভাকিয়ার দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতি উৎসর্গ করছি।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মোদি এই সম্মাননাকে ভারত ও স্লোভাকিয়ার জনগণের মধ্যে বিদ্যমান আন্তরিকতা, আস্থা ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। 

তিনি আশা প্রকাশ করেন, এই স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মকে দুই দেশের বিশেষ বন্ধুত্ব আরও দৃঢ় করতে অনুপ্রাণিত করবে।

অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ হলো স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক ও সামরিক রাষ্ট্রীয় সম্মাননা, যা শুধুমাত্র বিদেশি নাগরিকদের প্রদান করা হয়।

বর্তমানে মোদি তার সপ্তাহব্যাপী ইউরোপ সফরের অংশ হিসেবে স্লোভাকিয়া সফরে রয়েছেন।  এটি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ব্রাতিস্লাভায় সফর।

এর আগে ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সমন্বিত অংশীদারত্ব পর্যায়ে উন্নীত করেছে। পাশাপাশি অভিবাসন, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুই দেশ ১১টি চুক্তি স্বাক্ষর করেছে।

Share This