উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে কুমিল্লার বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকার নতুন কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে সভাপতি পদে মো. আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক পদে মো. মোকছেদুর রহমান আবির এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলুল বারী বিল্লাল নির্বাচিত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলরুম-৫০২-এ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকায় বসবাসরত বাঙ্গরা বাজার থানা এলাকার সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যরা আনন্দঘন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন।
সমিতির মোট ২৯৯ জন ভোটারের মধ্যে ২৫৩ জন ভোট প্রদান করেন। এতে ভোটার উপস্থিতির হার ছিল প্রায় ৮৫ শতাংশ।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. আবু বকর সিদ্দিক। ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. আব্দুল মোমেন ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. দুলাল মিয়া পান ৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. মোকছেদুর রহমান আবির ২৩০ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী এম আই জামাল সিদ্দিকী পান ২৩ ভোট।
অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলুল বারী বিল্লাল ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল হুদা সরকার সোহাগ পেয়েছেন ৩৬ ভোট।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নতুন ভোটার অন্তর্ভুক্তিসহ বিভিন্ন অভিযোগ তুলে সভাপতি প্রার্থী মো. দুলাল মিয়া এবং সাধারণ সম্পাদক প্রার্থী এম আই জামাল সিদ্দিকী নির্বাচনের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে তাদের নাম ব্যালটে থাকায় ভোটে তাদের প্রাপ্ত ভোট গণনা করা হয়।
এদিকে, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মো. সাইফুল হুদা সরকার সোহাগের চাচাতো ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তিনি নির্বাচনের দিন ভোটকেন্দ্রে উপস্থিত হতে পারেননি।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. আবু বকর সিদ্দিক বলেন, নির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশনে দায়িত্ব পালন করেন নজির আহমদ ভুঁইয়া কাজল, এ এইচ এম জহিরুল হক, জহিরুল ইসলাম ও কামরুল হাসান কেনান।
উল্লেখ্য, ঢাকায় বসবাসরত কুমিল্লার বাঙ্গরা বাজার থানার অন্তর্গত ১০টি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে ২০১৮ সালে বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা প্রতিষ্ঠিত হয়।