ভারতের যে কোনো পদক্ষেপে কঠোর জবাব দেবে পাকিস্তান

ভারতের যে কোনো পদক্ষেপে কঠোর জবাব দেবে পাকিস্তান

আন্তজার্তিক ডেস্ক : June 20, 2026

ভারত ভবিষ্যতে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নিলে তার আরও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

খাজা আসিফ বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে এবং যেকোনো আগ্রাসনের জবাব দিতে সক্ষম।

তিনি অভিযোগ করে বলেন, আফগানিস্তানে সক্রিয় ভারত-সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর কার্যক্রম মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তাঁর দাবি, আজাদ জম্মু ও কাশ্মীরে সম্প্রতি যে ধরনের বক্তব্য শোনা যাচ্ছে, তা কোনো পাকিস্তানি বা কাশ্মীরির ভাষা নয়; বরং ভারতের অবস্থানের প্রতিফলন।

 

খাজা আসিফ আরও অভিযোগ করেন, যুক্তরাজ্যে অবস্থানরত কিছু ব্যক্তি এসব কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতা করছেন।

পাশাপাশি সেখানে ভারত-সমর্থিত বিভিন্ন গোষ্ঠী সক্রিয় রয়েছে বলেও দাবি করেন তিনি।

সাম্প্রতিক সংঘাতের প্রসঙ্গ টেনে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ওই ঘটনায় ভারতের যে পরাজয় হয়েছে, তা দেশটি দীর্ঘদিন মনে রাখবে।

তিনি দাবি করেন, পাকিস্তানের সামরিক বাহিনী সব সময় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।

পানিসম্পদ নিয়ে সম্ভাব্য বিরোধের বিষয়েও সতর্ক অবস্থানের কথা জানান খাজা আসিফ। তিনি বলেন, সম্ভাব্য ‘পানি আগ্রাসন’ মোকাবিলায় সরকার পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে।

তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের পানির এক ফোঁটাও কাউকে নিতে দেওয়া হবে না এবং দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

Share This