জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২৪ এর উইনার পুরস্কার পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মঙ্গলবার (২৮ মে) সুইজারল্যান্ডের জেনেভায় এই উইনার পুরস্কার পান তিনি।
এ বছর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সুরক্ষিত ভিডিও কনফারেন্সিং সিস্টেম। ও আইসিটি ব্যবহারে আস্থা ও নিরাপত্তা তৈরি করা ক্যাটেগরিতে উইনার হিসেবে এই পুরস্কার পান তিনি।
ভিডিও কনফারেন্সিং সিস্টেম নামের একটি প্লাটফর্ম তৈরির জন্য এবং এটি তৈরিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যে সকল তরুণ, ইনোভেটিভ প্রোগ্রামার কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান পলক।
তিনি বলেন, কোভিড ১৯ অতিমারী কর্তৃক সৃষ্ট চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করার জন্য বিসিসি উদ্ভাবিত ‘বৈঠক’ আমাদের নিত্য প্রয়োজনীয় প্লাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঠিক দিক-নির্দেশনায় খুব অল্প সময়ে ডিজিটাল বাংলাদেশের সফল বাস্তবায়ন করতে পেরেছি এবং এরই ফলশ্রুতিতে আমাদের তরুণ উদ্ভাবকরা তথ্য প্রযুক্তির সফল বাস্তবায়ন নিশ্চিত করতে পারছে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা দেওয়া ১০৪৯টি প্রকল্প ও উদ্যোগ থেকে বাছাই করে ৩৬০টি প্রকল্পকে ভোটাভুটির জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পুরস্কার নির্ধারণে প্রত্যেক ক্যাটাগরিতে একাধিক উদ্যোগ বা প্রজেক্টকে ভোটের মাধ্যমে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচন করা হয়। তার মধ্যে থেকে একটিকে উইনার হিসেবে ঘোষণা করা হয়। এবছর ১৮টি প্রজেক্টকে উইনার ও ৭২টি প্রজেক্টকে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত করা হয়।
আ/ম