দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

আন্তজার্তিক ডেস্ক : April 28, 2026

দক্ষিণ সুদানে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ১৫ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (এসএসসিএএ) এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার সকালে রাজধানী জুবার প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে ইয়েই শহর থেকে জুবার উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় ৩০ মিনিট পর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিমানটিতে একজন পাইলট ও ১৪ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে ১৩ জন দক্ষিণ সুদানের এবং দুইজন কেনিয়ার নাগরিক ছিলেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানে অবকাঠামো ও পরিবহন ব্যবস্থা এখনো অনুন্নত। দেশটির বিমান পরিবহন খাতের নিরাপত্তা রেকর্ডও উদ্বেগজনক।

স্বাধীনতার পর ২০১১ সাল থেকে এক দশকের মধ্যে দেশটিতে ৫৫টিরও বেশি বিমান দুর্ঘটনা ঘটেছে, যাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা এসব দুর্ঘটনার পেছনে পুরোনো উড়োজাহাজ, দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা, অতিরিক্ত যাত্রী পরিবহন, খারাপ আবহাওয়া এবং পাইলটের ভুলকে কারণ হিসেবে উল্লেখ করেন।

এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে ইউনিটি রাজ্যের তেলক্ষেত্র এলাকায় উড্ডয়নের তিন মিনিটের মধ্যেই একটি বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছিলেন।

দক্ষিণ সুদানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে ২০১৫ সালের নভেম্বরে। সেবার জুবার বিমানবন্দরের কাছে আন্তোনভ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৪১ জন নিহত হন।

Share This