২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এক পরীক্ষার্থীর ১১টি বিষয়ে প্রাপ্ত নম্বর অবৈধভাবে পরিবর্তন করে ফলাফল বাড়িয়ে দেওয়ার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানায়, তদন্তে পাওয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৮ নভেম্বর রাত ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ফরহাদুল ইসলাম (২৯), শাহিদুল আলম জিসান (২৭) ও মো. আব্দুল মালেক (৫৬)। তাদের মধ্যে ফরহাদুল ও জিসানের বাড়ি চট্টগ্রামে এবং আব্দুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
অভিযানকালে জালিয়াতির কাজে ব্যবহৃত কম্পিউটার, ওএমআর শিট, মোবাইল ফোন, মূল পরীক্ষার উত্তরপত্রসহ মোট ৪৮০ পাতা গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়েছে।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় জানা যায়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীর ফলাফল জালিয়াতির মাধ্যমে পরিবর্তন করা হয়। ওই শিক্ষার্থীর মূল উত্তরপত্রে পাওয়া নম্বর, ই-টাইপে সংরক্ষিত নম্বর এবং প্রকাশিত ফলাফলের মধ্যে ব্যাপক অসংগতি পাওয়া যায়।
তদন্তে দেখা যায়, ১১টি বিষয়ে মূল উত্তরপত্রে পাওয়া নম্বরের তুলনায় প্রকাশিত ফলাফলে অস্বাভাবিকভাবে বেশি নম্বর দেখানো হয়েছে। এর মধ্যে গণিতে মূল নম্বর ছিল ৯, প্রকাশিত ফলে দেখানো হয় ৬৬। ইংরেজি দ্বিতীয় পত্রে মূল নম্বর ২০ হলেও প্রকাশিত ফলে দেখানো হয় ৮২। একইভাবে উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞানে মূল উত্তরপত্রে নম্বর শূন্য থাকলেও প্রকাশিত ফলে যথাক্রমে ৪৬ ও ৪৫ নম্বর দেখানো হয়।
এ ঘটনায় শিক্ষা বোর্ডের গঠিত তদন্ত কমিটি মূল উত্তরপত্র, নম্বরপত্র, সংরক্ষিত তথ্য ও প্রকাশিত ফলাফল যাচাই করে জালিয়াতির প্রমাণ পায়। পরে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয় এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জবাব সন্তোষজনক না হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা বোর্ড।
এ ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অভিযোগের ভিত্তিতে গত ২৯ অক্টোবর পাঁচলাইশ থানায় প্রতারণা, জালিয়াতি ও সংশ্লিষ্ট অপরাধের ধারায় মামলা করা হয়। মামলাটির তদন্তভার গ্রহণের পর সিআইডি নথিপত্র, শিক্ষা বোর্ডের তদন্ত প্রতিবেদন এবং ফলাফল প্রস্তুতের কারিগরি তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে।
সিআইডির অভিযোগ, ফলাফল প্রস্তুতকরণের স্ক্যানিং ও সলভিং কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জ্ঞাতসারে ও তত্ত্বাবধানে এ জালিয়াতি সংঘটিত হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তি, সহযোগী ও নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। ফলাফল জালিয়াতির কারিগরি প্রক্রিয়া, সংশ্লিষ্টদের ভূমিকা এবং কেউ অবৈধ সুবিধা নিয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে সিআইডি। ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।