তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সম্পন্ন: পানিসম্পদ মন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সমীক্ষা সম্পন্ন: পানিসম্পদ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : July 07, 2026

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সমীক্ষা কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদে, সংসদ সদস্য মো. রায়হান সিরাজীর এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

মন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার জন্য তিস্তা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উজানে বাঁধ নির্মাণসহ বিভিন্ন কারণে শুষ্ক মৌসুমে নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় তিস্তা সেচ প্রকল্প ও কৃষিকাজ ব্যাহত হয়। আবার বর্ষাকালে উজানে অতিবৃষ্টির ফলে আকস্মিক বন্যা ও নদীভাঙনের সৃষ্টি হয়।

তিনি জানান, তিস্তা তীরবর্তী রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলায় ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরে ২২২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ৪২ দশমিক ১৭ কিলোমিটার নদীতীর সংরক্ষণ কাজ সম্পন্ন হয়েছে।

সমীক্ষা প্রতিবেদনে তিস্তা মহাপরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ১১০ কিলোমিটার ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও বাঁধের ওপর সড়ক নির্মাণ, ৬৭টি গ্রোয়েন/স্পার নির্মাণ ও মেরামত এবং ১৭০ বর্গকিলোমিটার ভূমি পুনরুদ্ধার ও উন্নয়নের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সমীক্ষার কারিগরি ও আর্থিক দিকগুলো বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাই চলছে। প্রকল্প বাস্তবায়িত হলে সেচ সুবিধা বৃদ্ধি, কৃষি উৎপাদন ও কর্মসংস্থান সম্প্রসারণ, নদীভাঙন নিয়ন্ত্রণ, অবকাঠামো উন্নয়ন, নৌ-যোগাযোগ ও আঞ্চলিক বাণিজ্যের প্রসারের মাধ্যমে উত্তরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Share This