সন্ত্রাসী-চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সন্ত্রাসী-চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : August 22, 2026

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। সংঘবদ্ধ সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্মূল করা হবে বলেও জানান তিনি। 

 

শনিবার (২২ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

 

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সংঘবদ্ধ সব চাঁদাবাজ চক্রকে নির্মূল করতে চাই। আজ একটা নির্দেশনা দিয়েছি বিশেষ করে মেট্রো এলাকায়, যারা এরকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী তাদেরকে অতি শিগগিরই—আমি টাইম লিমিট দিচ্ছি না—অতি শিগগিরই যদি তাদেরকে আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রীরা চিকিৎসকদের কাছ থেকে ডা. আসাদুর রহমানের চিকিৎসার খোঁজ-খবর নেন। দ্রুত সুস্থতা কামনা ও তার চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 

গত কয়েকদিন আগে রাজধানীর শান্তিনগরে পপুলার ডায়াগনিস্ট সেন্টারের সামনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ডা. আসাদুর রহমান। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

Share This