ঈদে নিরাপত্তায় কোনো হুমকি নেই, প্রস্তুত র‍্যাব: ডিজি

ঈদে নিরাপত্তায় কোনো হুমকি নেই, প্রস্তুত র‍্যাব: ডিজি

নিজস্ব প্রতিবেদক : May 26, 2026

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঈদের নামাজ ও দেশব্যাপী ঈদ উদযাপন নির্বিঘ্ন রাখতে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান র‍্যাব প্রধান।

আহসান হাবীব পলাশ বলেন, ঈদের প্রধান জামাতগুলোকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি সারা দেশে আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঈদের সময় রাজধানীসহ বড় শহরগুলো ফাঁকা হয়ে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়ে। এ কারণে রাত্রিকালীন নিরাপত্তা চৌকি বৃদ্ধি করা হয়েছে এবং মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাতের টহল বাড়ানো হয়েছে।

কোরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে র‍্যাবের নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। জাল টাকা শনাক্ত ও প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জাল টাকা চক্রের বিরুদ্ধে অভিযান চলছে। এছাড়া পশুবাহী যানবাহনকে জোরপূর্বক নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো রোধে র‍্যাবের সাইবার উইং সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে উল্লেখ করে র‍্যাব ডিজি বলেন, কেউ অপপ্রচার বা গুজব ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট অনুভব করিনি। তবে থ্রেট না থাকলেও আমাদের নিজস্ব বিশেষ নিরাপত্তা কার্যক্রম সবসময় সক্রিয় রয়েছে।”

Share This