দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে রোববার রাতে বিমানবন্দরে পৌঁছান সুইডেন আসলাম। বহির্গমন প্রক্রিয়ার অংশ হিসেবে ইমিগ্রেশন ডেস্কে গেলে তার পরিচয় শনাক্ত হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়। তার ব্যবহৃত পাসপোর্টের তথ্যও ইতিমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে।
পুলিশ সূত্র বলছে, সুইডেন আসলামের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজিসহ একাধিক গুরুতর মামলা রয়েছে। বিমানবন্দরে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।