যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, দেশটির সামরিক বাহিনীর প্রতি বছরই নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত। শুক্রবার ইরানের বিরুদ্ধে চলমান ‘অপারেশন এপিক ফিউরি’ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক নীতির ভিত্তি হিসেবে ‘শক্তির মাধ্যমে শান্তি’ ধারণার ওপর জোর দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুধু নিজের নিরাপত্তাই নিশ্চিত করছে না, বরং বিশ্বের বহু মানুষের নিরাপত্তায় ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, সঠিকভাবে যুদ্ধ পরিচালনা করা গেলে তার ফলাফল হিসেবে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। এই দর্শনকে সামরিক কাঠামোর প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
এদিকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। আব্বাস আরাগচি পুনরায় পাকিস্তান সফর করেছেন, যা ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার ক্ষেত্রে ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, এই সফর কূটনৈতিক প্রক্রিয়ার ধারাবাহিকতার অংশ এবং আলোচনার সম্ভাবনা এখনো উন্মুক্ত রয়েছে।