জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি

জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি

আন্তজার্তিক ডেস্ক : June 25, 2026

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ডেলসি  রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকার। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট নিজেই এ ঘোষণা দিয়েছেন।

ভূমিকম্পে বহুসংখ্যক মানুষ হতাহত হয়েছে বলে ভাষণে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট।  তবে তিনি এর সংখ্যা উল্লেখ করেননি। 

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.২ এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে।

 এর মাত্র ৩৯ সেকেন্ড পর আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

এ ছাড়া, জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব তদারকির জন্য তিনি একজন জেনারেলকে নিয়োগ দেন।

ভাষণে রদ্রিগেজ ভেনেজুয়েলার জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন, তবে কতজন প্রাণ হারিয়েছেন সে বিষয়ে কোনো সংখ্যা উল্লেখ করেননি।

ইউএসজিএস-এর মতে, দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে; এতে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৪৪ শতাংশ এবং ১ লাখেরও বেশি মানুষের মৃত্যুর শঙ্কা ৩০ শতাংশ।

ভূমিকম্পের পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন ডেলসি রদ্রিগেজ।  এ সময় তার পাশে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো এবং জাতীয় পরিষদের প্রধান ও তার ভাই হোর্হে রদ্রিগেজ। ভাষণে তিনি দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন।

Share This