রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।
রোববার (৭ জুন) ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে রায় ঘোষণা করা হয়।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু সাংবাদিকদের জানান, একটি নৃশংসতম শিশু হত্যাকাণ্ডে আদালত যে রায় দিয়েছেন আমরা তাতে সন্তুষ্ট। এর আগে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মামলার দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন আদালত।
মৃত্যুদণ্ডের সঙ্গে আসামি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা রামিসার আইনগত উত্তরাধিকারকে (ওয়ারিশ) দিতে বলা হয়েছে।
আসামিরা জরিমানার টাকা না দিলে কালেক্টরেট অফিসকে তার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও তা বিক্রি করে রামিসার আইনগত উত্তরাধিকারদের প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় এ রায় ঘোষণা করা হয়।
গত ১৯ মে শিশুটি ধর্ষণ ও হত্যার শিকার হয়।