ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি চালিয়েছে—এমন গোয়েন্দা তথ্য তাদের কাছে রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি জানান, চলতি সপ্তাহে অন্তত সাতটি স্থানে নজরদারি বা ছবি তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে কুয়েত, সৌদি আরব, তুরস্ক ও কাতারের বিভিন্ন ঘাঁটি, পাশাপাশি ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ ঘাঁটি।
জেলেনস্কি ইঙ্গিত দেন, এই কার্যক্রম বৃহত্তর ভূরাজনৈতিক উত্তেজনার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তিনি রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রচেষ্টাও প্রশ্নবিদ্ধ করেন।
প্রসঙ্গত, এই সপ্তাহে জেলেনস্কি সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করেন। সেখানে তিনি ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় ইউক্রেনের যুদ্ধ-পরীক্ষিত ড্রোন প্রযুক্তি সহায়তা হিসেবে দেওয়ার প্রস্তাব দেন। এ ছাড়া সৌদি আরব ও কাতারের সঙ্গে ১০ বছরের নিরাপত্তা চুক্তিও স্বাক্ষর করেন তিনি।