স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকাল আমার নিজেরই মনে হয়, আমি ঢাকা শহরে থাকব না। শহরের বাইরে গিয়ে থাকব। কারণ, এটা বাসযোগ্য মনে হয় না। তিনি বলেন, ঢাকা শহরের জন্য একটা ভয়াবহ বিপদ নিয়ে আসছে যে কোনো দিন যদি ভূমিকম্পের মতো কিছু হয়, তাহলে শহর তলিয়ে যাবে। এখানকার পানি খুব ভয়াবহ।
শনিবার (৬ জুন) রাজধানীর পুরানা পল্টনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘দক্ষিণের জানালা’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ঘর থেকে বেরোলে নিঃশ্বাস নেওয়ার অক্সিজেনটা পর্যন্ত দূষিত। পাবলিক হাসপাতালের মধ্যে ঢোকাই যাবে না। প্রত্যেকটি প্রতিষ্ঠান এখানে ধ্বংসের দিকে চলে যাচ্ছে।
কলেজে থাকতে বুড়িগঙ্গাতে নৌকায় চড়ে ঘুরে বেড়াতেন উল্লেখ করে তিনি আরো বলেন, এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না।
এত দূষিত, দুর্গন্ধ। আমার কাছে মনে হয় ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধ হয় এই বুড়িগঙ্গা, বুড়িগঙ্গার পানি। শীতলক্ষ্যার প্রায় একই অবস্থা শুরু হয়েছে।
শহরের কাঠামোগত পরিবর্তনগুলোকে আরো পরিকল্পনামাফিক হতে হবে বলে জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, পরিকল্পনাটা সঠিক নিতে হবে।