সেনাবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : May 13, 2026

সেনাবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৩ মে) বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী Carol Flore-Smereczniak আজ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

চলতি বছরের ২৩ মার্চ দায়িত্ব গ্রহণের পর এটি ছিল সেনাবাহিনী প্রধানের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।

সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান সময়ে বিশ্বব্যাপী বিভিন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এসময় জাতিসংঘের পতাকাতলে দায়িত্ব পালনকালে আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান তিনি। বিশেষভাবে ২০২৫ সালের ডিসেম্বরে আবেই অঞ্চলে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের স্মরণ করেন Carol Flore-Smereczniak।

তিনি আরও বলেন, বিভিন্ন জাতিসংঘ মিশনে উল্লেখযোগ্য সংখ্যক নারী শান্তিরক্ষী মোতায়েনের মাধ্যমে বাংলাদেশ ‘নারী, শান্তি ও নিরাপত্তা (Women, Peace and Security-WPS)’ এজেন্ডা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি, ২০২৪ সালের জুলাই থেকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্বপূর্ণ ভূমিকাও প্রশংসা করেন তিনি।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় জাতিসংঘের অব্যাহত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী দেশের সার্বিক উন্নয়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের আশ্বাস প্রদান করেন।

Share This